খালেদা জিয়া ধ্বংসের রানি আন্দোলনে ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলন চালাতে ব্যর্থ হয়েছেন। তিনি ‘ধ্বংসের রানি’।
দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের সমাপনী দিনে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি সাম্প্রতিক নাশকতার বিভিন্ন চিত্র তুলে ধরে এ জন্য খালেদা জিয়াকে দায়ী করেন। দীর্ঘ প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
গতকাল রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব গ্রহণের মাধ্যমে শেষ হয় এ বছরের প্রথম অধিবেশন। অধিবেশনের সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন শেষ হয়। গত ১৯ জানুয়ারি এ অধিবেশন শুরু হয়েছিল। এবারের অধিবেশন ৩৯ কার্যদিবস চলে। এতে প্রায় ৬০ ঘণ্টা ৩০ মিনিট আলোচনা হয়। এতে ২৩৬ জন সাংসদ আলোচনায় অংশ নেন।
আলোচনা করতে গিয়ে সংসদ নেতা শেখ হাসিনা সাংসদদের বক্তব্যের চিত্র তুলে ধরে বলেন, সংসদ প্রাণবন্ত, কার্যকর—এটাই প্রমাণিত। নবম সংসদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে শেখ হাসিনা বলেন, নবম সংসদে বিরোধী দলের সাংসদেরা অশালীন বক্তব্য দিতেন। এতে মাথা হেঁট হয়ে যেত। এখন আর সংসদে খিস্তিখেউড় শুনতে হয় না।
শেখ হাসিনা বলেন, বিএনপির ঘুষ-দুর্নীতির অভ্যাস এমন অবস্থায় গেছে যে আমেরিকার এফবিআই কর্মকর্তাকে পর্যন্ত ঘুষ দিয়ে কিনে ফেলে জয়ের (প্রধানমন্ত্রীর ছেলে) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তবে ধরা পড়ে শাস্তি পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করি, আর বিএনপি নেত্রী দেশের ভাবমূর্তি নষ্ট করেন। আমরা সৃষ্টি করব আর উনি ধ্বংস করবেন—এটাই যেন তাঁর খেলা। উনার সফলতা জঙ্গিবাদ, সন্ত্রাস, লুটপাট ও দুর্নীতি করা।’
হরতালের নামে দেশের পরীক্ষার্থীদের ক্ষতি করার জন্য খালেদা জিয়াকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, নিজের নাতিদের বিদেশ পাঠিয়ে দিলেন পরীক্ষার কথা বলে। অথচ দেশের ছেলেমেয়েদের কথা একবারও ভাবলেন না। প্রধানমন্ত্রী প্রশ্ন করে বলেন, উনি কেমন মা, উনি তো ছেলের কবর দেখতেও গেলেন না। উনি ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে গেলেন না, ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে গেলেন না। উনি দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। এ জন্যই উনি বাংলাদেশের অগ্রযাত্রা সহ্য করতে পারেন না।
সংসদে কথা বলতে উৎসাহ হারিয়ে ফেলছেন রওশন: রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সংসদে কথা বলতে তিনি দিন দিন উৎসাহ হারিয়ে ফেলছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, সংসদের কথা কেউ নোট করে না। তিনি বলেন, ‘আমি বলে গেলাম আপনারা শুনে গেলেন, কিন্তু কোনো লাভ হলো না, তাহলে কী হবে?’ তবে তিনি তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ইতিবাচক তথ্য তুলে ধরে অভিনন্দন ও ধন্যবাদ জানান।