খালেদা জিয়া নির্বাচনে আসতে ভয় পান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকারের উন্নয়ন দেখে খালেদা জিয়া এখন নির্বাচনকে ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তাঁর দাবি, নির্বাচন হলে মানুষ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবার বিপুল ভোটে নির্বাচিত করবে।
গতকাল রাজধানীর পল্লবীতে ১৪-দলীয় জোটের মহানগর কমিটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
‘হরতালের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য’র প্রতিবাদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট গতকাল রাজধানীসহ সারা দেশে সমাবেশ করেছে।
পল্লবীর সমাবেশে মতিয়া চৌধুরী দাবি করেন, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। সেই নির্বাচনে মানুষ নৌকা প্রতীককে জয়যুক্ত করবে। কারণ, শেখ হাসিনার সরকার চালের দাম, সারে দাম কমিয়েছে। পল্লবীবাসীর গ্যাস, পানি ও জলাবদ্ধতার সমস্যা দূর করেছে। মিরপুরসহ সমগ্র ঢাকাবাসীকে উপহার দিয়েছে বনানী, কুড়িল ও গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়ক; যা খালেদা জিয়া সাতবার জন্ম নিলেও করতে পারবেন না।
খালেদা জিয়াকে ‘ধ্বংসযজ্ঞের রানি’ বলে আখ্যায়িত করে মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় এলে দেশের মেয়েরা চতুর্থ শ্রেণীর বেশি পড়ালেখা করতে পারবে না। হেফাজতের তেঁতুল হুজুরের নির্দেশে দেশের মেয়েদের চার সতীনের ঘর করতে হবে। কোনো মা-বাবা তার মেয়েকে চার সতীনের ঘরে যদি বিয়ে দিতে না চান, তাহলে খালেদা জিয়াকে বাদ দিয়ে মহাজোটের প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে হবে।’
স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী, ফজিলাতুন্নেসা ইন্দিরা, মোফাজ্জাল হোসেন চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।
বর্ধিত সভা: ৩ নভেম্বরের জনসভা সফল করতে গতকাল সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপিকে সংঘাতের পথ পরিহার করার আহ্বান জানান। তিনি বলেন, ‘সংঘাতের পথ পরিহার না করলে বাংলার মানুষ আপনাদের মোকাবিলা করবে। আগামী দিনে বাসে আগুন দিতে চাইলে সেই আগুনে আপনারাই ভস্মীভূত হবেন। বোমা মারতে চাইলে, সেই বোমা আপনাদেরই বিধ্বস্ত করবে।’ বর্ধিত সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ ঢাকার বিভিন্ন আসনের সাংসদ, থানা, ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বক্তব্য দেন।