বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য বিদেশিদের হত্যা করা হচ্ছে। খালেদা জিয়া লন্ডনে বসে শেখ হাসিনাকে হত্যা করারও ষড়যন্ত্র করছেন। গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধন করে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান এসব অভিযোগ করেন।
শাহজাহান খান বলেন, সারা বিশ্বে কোথাও এমন নজির নেই, যেখানে বিরোধী দল সাধারণ মানুষকে হত্যা করে সরকারবিরোধী আন্দোলন করে। যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে সঙ্গে নিয়ে তারা ধর্মের নামে, গণতন্ত্রের নামে মানুষ পুড়িয়ে মেরেছে, হাজার হাজার গাছ কেটেছে, দেড় শতাধিক যানবাহন ও নতুন নতুন ট্রেন পুড়িয়েছে।
খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে মন্তব্য করে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, দেশের উন্নয়ন তাঁর চোখে পড়ে না। তাই তিনি লন্ডনে গেছেন চোখের ছানি অপারেশন করতে। আর ছেলে তারেকের সঙ্গে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনাকে হত্যা করার জন্য।