খালেদা জিয়া সিটি নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পরিকল্পিতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে সিটি করপোরেশন নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। নির্বাচনের উৎসবমুখর পরিবেশ যাতে বিনষ্ট না হয়, সে জন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধও করা হয়েছে।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া বুঝতে পেরেছেন সিটি নির্বাচনে তাঁর সমর্থিত প্রার্থীরা পরাজিত হবেন। তিনি গুলশানের কার্যালয়ে নিজেকে অবরুদ্ধ রেখে যেমন নাটক সাজিয়েছিলেন, তেমনি সোমবারের কারওয়ান বাজারের ঘটনাটিও ছিল ভিন্ন আরেকটি নাটক। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে আমরা বহু আগে থেকেই খালেদা জিয়ার এই অপতৎপরতা সম্পর্কে সভা-সমিতিতে বক্তৃতার মাধ্যমে সতর্ক করেছিলাম। তাই নির্বাচন কমিশনকে আবার অনুরোধ করব, সিটি নির্বাচন উৎসবমুখর পরিবেশের স্বার্থে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার নামে অপতৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
হাছান মাহমুদ দাবি করেন, তিন মাসের বেশি সময় ধরে খালেদা জিয়া দিনের পর দিন হরতাল এবং অবরোধ ডেকে সারা দেশের মানুষকে অবরুদ্ধ করে রাখার অপচেষ্টা চালিয়েছেন। পেট্রলবোমা ও বোমার আঘাতে দুই শতাধিক মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছে। জনগণ এই জঙ্গি কর্মকাণ্ডের জন্য তার ওপর প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ। তিনি বলেন, ‘আমরা অনেক আগেই বলেছিলাম, বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় নামলে বিক্ষুব্ধ জনগণ তাঁকে প্রতিরোধ করতে পারে। এতে নির্বাচনী পরিবেশ নষ্ট হতে পারে। কয়েক দিন ধরে বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণার জন্য যেখানেই গেছেন, সেখানেই জনগণ তাঁর প্রতি বিক্ষোভ প্রদর্শন করেছে। কারওয়ান বাজারে জনতার বিক্ষোভ প্রদর্শনের সময় তার নিরাপত্তা কর্মীরা হঠাৎ গুলিবর্ষণ করে। এতেই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।’
সংবাদ সম্মেলনে সুজিত রায় নন্দী ও এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।