খালেদা জিয়া হিংসা ও সন্ত্রাসের রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া যতক্ষণ যুদ্ধাপরাধীদের সঙ্গে রয়েছেন, জঙ্গিবাদের সঙ্গে রয়েছেন, ততক্ষণ তাঁকে আমি হিংসার রানিই বলব, সন্ত্রাসীর রানিই বলব। এর আগেও বলেছি, আবারও বলছি। তাঁকে আমি ব্যক্তিগত আক্রমণ করছি না। তাঁর রাজনৈতিক আচরণের সমালোচনা করছি।’
গতকাল রাজশাহীতে গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত ‘শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রা’ শীর্ষক গণসংলাপে উপস্থিত দর্শকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংলাপে মন্ত্রীর সঙ্গে প্যানেলে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য চৌধুরী সারোয়ার জাহান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক তছির আহাম্মদ। রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইসার রহমান মেমোরিয়াল মিলনায়তনে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত এই সংলাপ চলে।
বর্তমানে বাংলাদেশের অবস্থান কোথায়—এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ অতীতের জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ থেকে উত্তরণের দিকে এগিয়ে যাচ্ছে। অতীতের কলঙ্ক মোচন করে ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে। গণতন্ত্র নির্মাণের পথে রয়েছে। অথচ বিরোধীদলীয় নেতা এই পরিবর্তনের ধারা বন্ধ করে দিয়ে নির্বাচন চাচ্ছেন।