খালেদা জিয়াকে চোখের চিকিৎসক দেখানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদে প্রশ্নোত্তর পর্ব
সংসদে প্রশ্নোত্তর পর্ব

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উনি যদি চোখে কিছু না দেখেন, তাহলে আমি তাঁকে বলতে পারি, চোখের ডাক্তারের কাছে যান।’ গতকাল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সরকারি দলের সিরাজুল আকবরের সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, এ সরকারের আমলে এত উন্নয়নের পরও বিরোধীদলীয় নেতা কোনো উন্নয়ন দেখেন না। এটা জাতির দুর্ভাগ্য। তিনি প্রতিনিয়ত জনগণের কাছে অসত্য তথ্য তুলে ধরছেন। এখন প্রতিনিয়ত ছয় হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। মানুষ দুবেলা খেয়ে-পরে ভালো আছে। এসব উন্নয়ন তাঁর চোখে পড়ে না।
নাজিম উদ্দিন আহমেদের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলার উন্নয়নে সর্বাধিক গুরুত্বারোপ করেছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। মানবতাবিরোধী অপরাধ এবং ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ চাঞ্চল্যকর মামলাগুলোর বিচারকাজ নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আইনশৃঙ্খলার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
শামসুর রহমান শরীফের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করার মহাপরিকল্পনা হিসেবে রূপপুরে এক হাজার মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত ১৫ জানুয়ারি রাশিয়ার সঙ্গে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সই হয়েছে। ২ অক্টোবর প্রকল্পটি উদ্বোধনের দিন ধার্য রয়েছে।
প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল পাঁচটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।