খালেদা জিয়াকে শান্তির রাজনীতিতে ফেরার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর কল্যাণে ধ্বংসের পথ ছেড়ে শান্তির রাজনীতিতে ফিরতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক বিতরণের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী ছয়জন দরিদ্র মুক্তিযোদ্ধা এবং সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের অগ্নিসংযোগে বায়তুল মোকাররম চত্বরের ক্ষতিগ্রস্ত ৩৩৩ জন হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীকে আর্থিক সহায়তা হিসেবে গতকাল এ চেক হস্তান্তর করেন। খবর ইউএনবি ও বাসসের।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী কয়েকটি পত্রিকার প্রতিবেদন দেখে এসব মুক্তিযোদ্ধাকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তাদানের সিদ্ধান্ত নেন। প্রত্যেক মুক্তিযোদ্ধাকে দুই লাখ টাকা করে দেওয়া হয় এবং ভবিষ্যতে আরও দরিদ্র মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে এ ধরনের সহায়তা দেওয়া হবে।
আর্থিক সহায়তা গ্রহণকারীরা হলেন রাজবাড়ীর হালিমা বেগম, নীলফামারীর আফিজউদ্দীন, পঞ্চগড়ের এম শামসুল হক, কুষ্টিয়ার হায়দার আলী, সুনামগঞ্জের সমির উদ্দিন ও কুমিল্ল্লার মনু মিয়া।
প্রেস সচিব বলেন, ৩৩৩ জন হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীকে পুনরায় তাঁদের ব্যবসা শুরু করার জন্য প্রত্যেককে ৫০ হাজার করে টাকার চেক দেওয়া হয়েছে।
শেখ হাসিনা দেশব্যাপী আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন, বিএনপির চেয়ারপারসনের উসকানিতে হেফাজতে ইসলাম ৫ মে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তিনি বলেন, পৃথিবীর কোথাও এত বেশি পবিত্র কোরআন পোড়ানোর নজির নেই।
ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান: সাভারে ভবনধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে গতকাল আরও অনেক ব্যক্তি ও সংগঠন অনুদান দিয়েছে। প্রধানমন্ত্রী তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে এসব অনুদান গ্রহণ করেন।
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন তাঁদের মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক দিনের বেতন এই তহবিলে দান করেন। এ ছাড়া ২৬টি সংগঠন ও ব্যক্তি পর্যায়ে অনেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেন।