খালেদা জিয়াকে সংসদে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা সম্পর্কে আলোচনার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন। গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘জনগণকে জিম্মি করা, জাতীয় সম্পদ নষ্ট করার সংস্কৃতি থেকে বেরিয়ে সংসদে এসে কথা বলুন। বিশ্বের অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও একইভাবে নির্বাচন হবে।’ আওয়ামী লীগের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে শেখ হাসিনা আজ কথা বলেছেন। তিনি বলেন, গত জাতীয় সম্মেলনের পর সাত-আটটি জেলায় সম্মেলন হয়নি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও কমিটি হয়নি। এসব জায়গায় সম্ভব হলে নারী নেতৃত্ব নিয়ে আসার কথা বলেন তিনি। বিভিন্ন জেলা থেকে আসা নেতাদের উদ্দেশে দলীয় সভানেত্রী বলেন, মনোনয়নের ব্যাপারে তিনি নিজেই তথ্য সংগ্রহ ও পর্যালোচনার কাজ করছেন। এর মধ্যে তাঁর হাতে তিনটি বিভাগের নেতা-কর্মীদের ব্যাপারে তথ্য আছে। তিনি জানান, বর্ধিত সভার পর ক্ষুদ্র পরিসরে সবাইকে ডেকে মনোনয়নের ব্যাপারে কথা বলবেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। ২০০৭-০৮ সালেও একবার এ চেষ্টা চলেছিল। এ নিয়ে তিনি একটুও শঙ্কিত নন বলে জানান। তিনি বলেন, আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না। কারণ জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। জনগণই আওয়ামী লীগের শক্তি।
বাংলাদেশ আওয়ামী লীগের বর্ধিত সভাটি বেলা ১১টায় শুরু হয়। দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। পরে বক্তব্য দেন জেলা পর্যায়ের নেতারা। বৈঠকটি এখনো চলছে।