জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় গতকাল বৃহস্পতিবার খালেদা জিয়ার অনুপস্থিতিতে আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন।
গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন।
পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে এই মামলার বিচারকাজ চলছে।
গতকাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুটি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে দুটি মামলায়ই সময় চেয়ে আবেদন করেন আইনজীবীরা। একই সঙ্গে তাঁর অনুপস্থিতিতে সাক্ষীকে জেরার জন্য আবেদন করা হয়। আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
গতকাল আসামি মনিরুল ইসলাম খানের পক্ষে আইনজীবী টি এম আকবর এই মামলার বাদী হারুন অর রশীদকে জেরা করেন। এরপর তিনজন সাক্ষ্য দেন। তাঁদের মধ্যে একজনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালত অন্য সাক্ষীদের জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
একই আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৩ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এই মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাদীর দেওয়া সাক্ষ্য বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। এ জন্য সাক্ষ্য কার্যক্রম মুলতবি রাখার আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। এই মামলার অন্য আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।
এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত মামলার আসামিরা হলেন খালেদা জিয়া, বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সাংসদ কাজী সালিমুল হক, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান।