প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার আন্দোলনে জনগণ সাড়া দেবে না। কারণ, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই তাঁর এই আন্দোলন। তিনি বলেন, ‘শহীদের রক্তে ভেজা এই পতাকা প্রয়োজনে বুকের রক্ত দিয়ে রক্ষা করব। শকুনিদের আর এই পতাকা খামছে ধরতে দেব না।’
গতকাল রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
কাঁচপুরের জনসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসের এক দিন আগে বুদ্ধিজীবী হত্যাকারীদের নিয়ে তিনি নানা কথা বলছেন। সরকার উৎখাতের হুমকি দিচ্ছেন। ২০০৯ সালে ক্ষমতায় আসার দুই মাস থেকেই তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন।
বিডিআর হত্যাকাণ্ডে খালেদা জিয়াকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, সেনা অফিসারদের হত্যাকারীদের রক্ষায় আসামিদের পক্ষে বিএনপি-জামায়াতের আইনজীবীরা দাঁড়িয়েছিলেন। দেশবাসীর কাছে খালেদা জিয়াকে এর জবাব দিতে হবে।
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি বলে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন রাখেন, তাহলে মুক্তিযুদ্ধ করল কে? বিএনপির তো তখন জন্মই হয়নি। কোন নেতা ও কোন দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে? মুক্তিযুদ্ধের সময় উনি কোথায় ছিলেন? এ কথা কি খালেদা জিয়া দেশবাসীকে বলবেন? তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণার দিন খালেদা জিয়া হরতাল ডেকেছিলেন। কিন্তু রায় হয়েছে। রায় কার্যকর হয়েছে। এখন যখন যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর হচ্ছে, তখন তাঁদের রক্ষায় তিনি মরিয়া হয়ে উঠেছেন। উনি (খালেদা জিয়া) স্বাধীনতায় বিশ্বাস করলে কীভাবে বিজয়ের মাসে বুদ্ধিজীবী হত্যাকারীদের সঙ্গে নিয়ে একমঞ্চে জনসভা করেন?
প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষায় উনি বললেন, আমার ওপর গজব নাজিল হোক! কিন্তু শকুনের দোয়ায় গরু মরে না। যদি তাই হতো, তাহলে দেশে কোনো গরু থাকত না।’ তিনি বলেন, ‘পাকিদের দালালেরা আর যাতে ক্ষমতায় আসতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
আলোচনা সভায় নিজে কেঁদেছেন এবং সবাইকে কাঁদিয়েছেন শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘শিশু বয়সে বাবার যে বুকটিতে শুয়ে ঘুমাতাম, সেই বুকটি আলবদররা বেয়নেট দিয়ে ও ব্রাশফায়ার করে ঝাঁঝরা করে দিয়েছিল। বাংলাদেশের লাল-সবুজের রক্তস্নাত পতাকার যে অংশটুকু লাল রয়েছে, সেখানে আমার বাবার এক ফোঁটা রক্ত রয়েছে।’
দেশবাসীর প্রতি প্রশ্ন রেখে নুজহাত চৌধুরী বলেন, ‘আমার বাবার খুনি ইনকিলাব-এর মাওলানা মান্নানকে জিয়াউর রহমান প্রতিমন্ত্রী আর জেনারেল এরশাদ পূর্ণ মন্ত্রী করেছিলেন। এই কি আমাদের পাওনা ছিল স্বাধীন বাংলাদেশের কাছ থেকে? খালেদা জিয়া আলবদর নিজামী-মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিলেন। আর নিজামী-মুজাহিদরা সব শহীদ ও সারা জাতির মুখে কাদা মাখিয়ে জাতীয় পতাকা উড়িয়ে চলেছিলেন। এটাই কি পাওনা ছিল আমাদের?’
নুজহাত চৌধুরীর বক্তব্য শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী চেয়ার ছেড়ে তাঁকে জড়িয়ে ধরেন। এ সময় দুজনই কান্নায় ভেঙে পড়েন।
আরেক শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে তৌহীদ রেজা নূর বলেন, এ দেশটি যাঁদের আত্মদানে প্রতিষ্ঠিত হয়েছে, একাত্তরে তাঁদের লাশ শকুন, শিয়াল-কুকুরে খেয়েছে। দেশের মানুষকে তাঁদের দাফন পর্যন্ত করতে দেয়নি কুখ্যাত রাজাকার-আলবদররা।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কামরুল ইসলাম ও সুজিত রায় নন্দী। অনুষ্ঠান পরিচালনা করেন হাছান মাহমুদ ও অসীম কুমার উকিল।