খালেদা জিয়ার আপিলের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলার বিচারক নিয়োগের বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিলের (লিভ টু আপিল) শুনানি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি হয়। ৭ সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে প্রধান আসামি করে ইতিমধ্যে বিচারের কার্যক্রম শুরু হয়েছে।
পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে মামলা দুটির বিচার চলছে। গতকাল বুধবার এই আদালতে হাজিরা দেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার পক্ষে করা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে দুটি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ১০ সেপ্টেম্বর ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক বাসুদেব রায়।
মামলার বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া উচ্চ আদালতে রিট করেন। তাঁর রিটটি আদালত খারিজ করে দেন। এর বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আপিল বিভাগে যান তিনি।
আজ আদালতে খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টের আদেশ পড়ে শোনান আইনজীবী জয়নুল আবেদীন।
এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান আদালতে উপস্থিত ছিলেন।
গত ১৯ মার্চ খালেদা জিয়ার উপস্থিতিতে মামলা দুটিতে অভিযোগ গঠন করা হয়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে। এ মামলার অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। মামলায় হারিছ চৌধুরী শুরু থেকেই পলাতক। গত বছরের ১৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরও একটি মামলা করে দুদক।
এ মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।