খালেদা জিয়ার আবেদনের ওপর আদেশ রোববার
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর আগামী রোববার আদেশের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আজ মঙ্গলবার আদেশের এ দিন ধার্য করেন।
আবেদনটির ওপর গতকাল সোমবার শুনানি শেষে আজ আদেশের জন্য রেখেছিলেন আপিল বিভাগ।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার করা দুটি লিভ টু আপিল গতকাল খারিজ করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একই বেঞ্চ ওই আদেশ দেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অভিযোগ আমলে নেওয়া ও অভিযোগ গঠনের বিরুদ্ধে আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া দুটি লিভ টু আপিল করেন। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে করা রিট খারিজ আদেশের বিরুদ্ধে অপর লিভ টু আপিলটি করা হয়।
গতকাল এই দুই মামলার শুনানির জন্য ১ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়। পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে মামলা দুটির কার্যক্রম চলছে।
আপিল বিভাগের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ দুটি আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই।
খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৫২৬ অনুসারে মামলাটি অন্য আদালতে বদলির জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করেছি। এটি শুনানির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমি মনে করি, এ আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতে মামলা চলতে পারে না।’
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়। এর বিরুদ্ধে খালেদা জিয়ার করা বাতিল আবেদনের শুনানি শেষে ২০১১ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট তা খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন। এর বিরুদ্ধে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি একটি লিভ টু আপিল করেন খালেদা জিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ অভিযোগ গঠন করেন। এই অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা রিট ২৩ এপ্রিল হাইকোর্টে খারিজ হয়। পরে ৭ জুলাই পৃথক দুটি লিভ টু আপিল করা হয়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর মামলাটি করে দুদক। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
আরও জানতে পড়ুন: