বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্নীতির মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর রায় ঘোষণা অপেক্ষমাণ রেখেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি শেষ হয়।
খালেদা জিয়ার আইনজীবী রাগীব রউফ চৌধুরী প্রথম আলোকে বলেন, রুল শুনানি শেষে রায় অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন আদালত। অর্থাৎ যেকোনো দিন রায় ঘোষণা করা হবে।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক এ মামলাটি করে। পরে এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। শুনানির পর ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দেন এবং নিম্ন আদালতে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। চলতি বছরের শুরুতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই রুলের শুনানি শুরু হয়। গতকাল এ রুল শুনানি শেষে রায় অপেক্ষমাণ রাখলেন আদালত।
খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও রাগীব রউফ চৌধুরী। তাঁদের সহযোগিতা করেন জাকির হোসেন ভূঁইয়া। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
এর আগে নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদন ইতিমধ্যে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।