খালেদার দুটি আবেদন খারিজ, অন্যটির আদেশ কাল
দুর্নীতির দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা তিনটি লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মধ্যে দুটি আজ সোমবার খারিজ হয়েছে। অন্যটির ওপর কাল মঙ্গলবার আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আজ দুটি আবেদন খারিজ করেন। একই বেঞ্চ অন্য আবেদনটির ওপর কাল আদেশের দিন ধার্য করেছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার করা দুটি লিভ টু আপিল আজ খারিজ হয়েছে। এই মামলায় অভিযোগ আমলে নেওয়া ও অভিযোগ গঠনের বিরুদ্ধে খালেদা জিয়ার আবেদন হাইকোর্টে খারিজ হয়। এর বিরুদ্ধে ২০১২ সালে একটি এবং চলতি বছর অপর লিভ টু আপিল করেন তিনি।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিলের শুনানি গতকাল রোববার এক দিনের জন্য মুলতবি করেন আপিল বিভাগ। এই আবেদনটির ওপর আপিল বিভাগ আজ শুনানি শেষে কাল আদেশের দিন ধার্য করেছেন। আজ আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানির জন্য পরবর্তী তারিখ ১ ডিসেম্বর ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়। আজ এ তারিখ ধার্য করা হয়।
বকশীবাজারের আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে মামলা দুটির বিচার চলছে। মামলা দুটির শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। ৯ নভেম্বর এই তারিখ ধার্য হয়।