খালেদা জিয়ার গ্যাটকো মামলায় দুদকের নয়া আইনজীবী
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা বহুল আলোচিত গ্যাটকো দুর্নীতির মামলায় নতুন আইনজীবী নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সংস্থার প্যানেল আইনজীবী খুরশিদ আলমকে মামলার আইনজীবী নিযুক্ত করা হয়।
দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটির বিচারিক কাজ চলাকালে এখন থেকে দুদকের পক্ষে আইনি লড়াই করবেন অ্যাডভোকেট খুরশিদ আলম।
এ মামলায় দুদকের আইনজীবী আনিসুল হক আইনমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে মামলাটির আইনজীবীর পদ শূন্য ছিল।
দুদক সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্যাটকো কোম্পানিকে পাইয়ে দিয়ে সরকারের এক হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে মামলা করে দুদক।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন।
পরে উপপরিচালক জহিরুল হুদা তদন্ত করে চারদলীয় জোট সরকারের সাবেক নয়জন মন্ত্রীসহ ২৫ জনকে আসামি করে ২০০৮ সালের ১৩ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া ও আকবর হোসেন মারা যাওয়ায় তাঁদের নাম আসামি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
জানা গেছে, খালেদা জিয়ার পক্ষে এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলায় তাঁর অংশটুকুর বিচারিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। এ স্থগিতাদেশ বাতিল চেয়ে আদালতে আবেদন করেছে দুদক।