খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রামে ছাত্রদলের দুই পক্ষে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই পক্ষের সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়  ছবি: প্রথম আলো
দুই পক্ষের সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ছবি: প্রথম আলো

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন নিয়ে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে ছাত্রদলের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতি হয়েছে। এ সময় এক পক্ষের কর্মীরা নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের গাড়িতে আগুন ধরিয়ে দেন। তাঁরা তাঁর অনুসারী হিসেবে পরিচিত নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজউল্লাহকে পিটুনি দেন। শাহাদাৎ হোসেন অভিযোগ করেন, ‘বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার জন্মদিনের কর্মসূচি ছিল বিএনপির। সেখানে আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলেরা এসে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। ওরা আমার গাড়িতে আগুন দিয়েছে।’অবশ্য আমীর খসরু এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘নগর ছাত্রদলের দুই পক্ষে অনেক দিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ হয়। এর সঙ্গে আমার কী সম্পর্ক?’ নগর বিএনপি ও ছাত্রদল সূত্রে জানা গেছে, নগর ছাত্রদলের কমিটি নিয়ে প্রায় এক মাস ধরে পদ পাওয়া ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ হচ্ছে। পদবঞ্চিতরা নগর বিএনপির সম্পাদক শাহাদাৎ ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে শাহাদাতের ওপর চড়াও এবং তাঁর অনুসারীদের ওপর হামলা চালানো হয়। পদবঞ্চিতরা আমীর খসরুর অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটার জন্য নেতা-কর্মীদের নিয়ে বিএনপির নগর কমিটির সভাপতি আমীর খসরু দলীয় কার্যালয় নাসিমন ভবনে যান। এর আগে অনুসারীদের নিয়ে দলীয় কার্যালয়ে যান শাহাদাৎ। সেখানে জন্মদিনের কেক কাটার আগে নেতা-কর্মীদের উদ্দেশে আমীর খসরু বক্তৃতা দেওয়ার সময় ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছিল। এ সময় পদবঞ্চিত নেতা-কর্মীরা নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজকে ধাক্কা দেন।

সূত্র জানায়, আমীর খসরু সবাইকে পাল্টাপাল্টি স্লোগান বন্ধ করার আহ্বান জানান। কোনো পক্ষ স্লোগান বন্ধ না করলে তিনি গাজী সিরাজকে সরে যেতে বলেন। তখনই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতি শুরু হয়। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর জন্মদিনের কেক কাটা হয়। কিন্তু কেক কাটার পর আবার দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় ছাত্রদলের পদবঞ্চিত কর্মীরা শাহাদাতের অনুসারীদের ধাওয়া দিয়ে কার্যালয় থেকে বের করে দেন। একপর্যায়ে তাঁরা শাহাদাতের গাড়িতে আগুন দেন। তবে আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি থানার পরিদর্শক নেজাম উদ্দিন বলেন, ‘দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় শাহাদাতের গাড়িতে আগুন দিলে তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়।