খালেদা জিয়ার তত্ত্বাবধায়ক সরকারের দাবি ভুয়া: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের জন্য বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া যে দাবি করেছেন, সেটা ভুয়া দাবি।’ তিনি বলেন, হরতাল করে, মিছিল করে, বোমা মেরে, ট্রেন ফেলে, বলপ্রয়োগ করে সেই দাবি বাস্তবায়ন হবে না। এ জন্য দরকার উভয় পক্ষের বৈঠক।
আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, নির্বাচনের আর আট মাস বাকি। চার বছর চার মাস বিরোধী দল ধারাবাহিকভাবে চক্রান্তের মধ্য দিয়ে সরকার উত্খাতের অপচেষ্টা চালিয়ে আসছে। নির্বাচন নিয়ে আলোচনা করতে সরকার রাজি। সেই অবস্থায় সরকারের পদত্যাগ দাবি ষড়যন্ত্রমূলক। এটি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তমূলক দাবি।
মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিমের সভাপতিত্বে সভায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনামুল হক প্রমুখ বক্তব্য দেন।