জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার কার্যক্রম স্থগিত চেয়ে এবং বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। আদেশে আদালত বলেন, ‘ডিসমিসড।’
এর আগে এ নিয়ে হাইকোর্টে দুটি রিট আবেদন করেছিলেন খালেদা জিয়া। হাইকোর্ট তা খারিজ করে দেন। ওই খারিজ আদেশের বিরুদ্ধে দুটি লিভ টু আপিল করেন তিনি। গতকাল আদেশ ঘোষণার সময় খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও মো. আসাদুজ্জামান; রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজউদ্দিন ফকির এবং দুদকের আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, দুটি লিভ টু আপিল খারিজ হয়েছে। তাই জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার কার্যক্রম চলতে বাধা নেই।
এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, খারিজ আদেশের অনুলিপি পাওয়ার পর পর্যালোচনা করে মক্কেল (খালেদা জিয়ার) ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আবেদন করা হতে পারে। তিনি বলেন, নিম্ন আদালতে বিচারাধীন মামলা দুটি নিয়ে আরও দুটি আবেদন আপিল বিভাগে বিচারাধীন। ওই দুই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতে মামলার কার্যক্রম চলতে পারে না বলে নিম্ন আদালতে আবেদন করা হবে।
প্রসঙ্গত, এই দুই মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়া পৃথক দুটি আবেদন (রিভিশন) করেছিলেন। হাইকোর্ট তা খারিজ করেন। এ খারিজ আদেশের বিরুদ্ধে গত ৭ জুলাই আরও দুটি লিভ টু আপিল করা হয়।
তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, যেহেতু এই দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো স্থগিতাদেশ নেই, তাই মামলার কার্যক্রম চলতে বাধা নেই।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক অপর মামলাটি করে ২০১১ সালের ৮ আগস্ট। তেজগাঁও থানায় করা এ মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
চলতি বছরের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ এই দুটি মামলার অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে দুটি আবেদন করেন। তা ২৩ এপ্রিল খারিজ হয়।
এরপর দুই মামলায় বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১২ মে দুটি রিট করেন বিএনপির চেয়ারপারসন। গত ২৫ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ বিষয়ে বিভক্ত আদেশ দেন। পরে আবেদন দুটি নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি একক বেঞ্চে পাঠানো হয়। ১৯ জুন ওই একক বেঞ্চ রিট দুটি খারিজ করেন। এ খারিজ আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল করা হয়। এর ওপর ৪ সেপ্টেম্বর শুনানি শুরু হয়ে ১১ সেপ্টেম্বর শেষ হয়। গতকাল আদেশ হয়।
এদিকে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে মামলা দুটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। ১০ সেপ্টেম্বর খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ১৭ সেপ্টেম্বর ধার্য রয়েছে।