খালেদা জিয়ার দুই আবেদনের ওপর রায় বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুটি রিট আবেদনের ওপর রায় ঘোষণার জন্য আগামী বুধবার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গত ১৭ জুন খালেদা জিয়ার করা এ দুটি আবেদনের ওপর শুনানি শেষ হয়। এরপর আদালত রায় অপেক্ষমাণ রাখেন।
খালেদা জিয়ার আইনজীবী রাগীব রউফ চৌধুরী গতকাল রোববার সাংবাদিকদের বলেন, আদালতের কার্যতালিকায় আবেদন দুটির ওপর রায় ঘোষণার জন্য এসেছে। ৫ আগস্ট (বুধবার) রায় ঘোষণা করা হবে।
২০০৭ ও ২০০৮ সালে গ্যাটকো মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট এ মামলার কার্যক্রম স্থগিত করেন ও রুল দেন। চলতি বছরের শুরুর দিকে এ মামলাটি সচল করার উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা হয় সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে এ মামলাটি করে দুদক। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ টাকার ক্ষতি করেছেন।