খালেদা জিয়ার দুই মামলার পরবর্তী শুনানি ১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানির জন্য পরবর্তী তারিখ ১ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় এ তারিখ ধার্য করেন।
বকশীবাজারের আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে মামলা দুটির বিচার চলছে। মামলা দুটির শুনানির জন্য আজ তারিখ ধার্য ছিল। ৯ নভেম্বর এই তারিখ ধার্য হয়।
খালেদার দুটি আবেদন খারিজ, অন্যটির আদেশ কালশুনানির ধার্য তারিখে আজ আদালতে হাজির হননি খালেদা জিয়া। তবে তাঁর বিরুদ্ধে সাক্ষী আদালতে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে মামলা দুটি শুনানির জন্য আগামী ১ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার করা দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আজ খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই মামলায় অভিযোগ আমলে নেওয়া ও অভিযোগ গঠনের বিরুদ্ধে খালেদা জিয়ার আবেদন হাইকোর্টে খারিজ হয়। এর বিরুদ্ধে ২০১২ সালে একটি এবং চলতি বছর অপর লিভ টু আপিল করেন তিনি।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিলের শুনানি গতকাল রোববার এক দিনের জন্য মুলতবি করেন আপিল বিভাগ। খালেদা জিয়ার আইনজীবী শুনানি এক দিনের জন্য মুলতবির আরজি জানিয়েছিলেন। এই লিভ টু আপিলের ওপর আজ শুনানি হওয়ার কথা।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ অভিযোগ গঠন করেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। মামলায় দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক।