খালেদা জিয়ার দুর্নীতির মামলার বিচারক পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুটি মামলার কার্যক্রম চলা ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক পরিবর্তন করা হয়েছে। এই আদালতের বিচারক বাসুদেব রায়কে পটুয়াখালীতে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (মতামত) দায়িত্বে থাকা জেলা ও দায়রা জজ আবু আহমেদ জমাদার।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। বাসুদেব রায়কে পটুয়াখালীর বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) করা হয়েছে। আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুটি মামলার বিচার চলছে।