খালেদা জিয়ার বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত: নানক

বিরোধীদলীয় নেতার উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে তিনি (খালেদা জিয়া) যে বক্তব্য দিয়েছেন, তা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তিনি ক্ষমতা আরোহণের নেশায় উন্মাদ হয়ে পড়েছেন। এ জন্যই তাঁর এ লাগামহীন বক্তব্য।’
আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিতসভায় নানক এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ৩০ আগস্ট ঢাকায় মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভাকে সফল করতে এ সভা করা হয়।
গত রোববার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নির্বাচনকালীন সরকার-পদ্ধতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি সংবিধানে বিশ্বাস করি, যা হবে সংবিধান মোতাবেক হবে। তার থেকে একচুলও নড়া হবে না।’ দেশি পাটের জীবন-রহস্য উন্মোচনের ঘোষণা দেওয়া উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, ‘আন্দোলনের বাতাস শুরু হলে চুল তো থাকবেই না, অস্তিত্বেও টান পড়তে পারে। জনগণের আন্দোলনের বাতাসে চুল এলোমেলো হয়ে যাবে। দিশেহারা হয়ে যাবেন।’ বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন।
আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন, “আমরা সংবিধান থেকে এক চুলও নড়ব না।” এ কথা শুনে বিরোধীদলীয় নেত্রী আঁতকে উঠেছেন। তাঁর স্বামী জিয়াউর রহমান এ দেশের সংবিধানকে ক্ষতবিক্ষত করেছিলেন। বিরোধীদলীয় নেত্রীও সংবিধান মানতে চান না।’
নানক বলেন, ‘শেখ হাসিনা জীবন বাজি রেখে দেশের হতভাগা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ জনগণের দল। জনগণই আমাদের শক্তি। জনগণকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
৩০ আগস্টের জনসভা সফল করতে সভায় উপস্থিত নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান নানক।
বর্ধিত সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই, সাহসও নেই। তাদের নেতা-কর্মীরা আন্দোলন করতে চায় না। তারা নির্বাচন চায়।’
আইন প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদের পর কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে রমজানের আগে থেকেই বিএনপি হুমকি দিয়ে আসছে। সরকার পতনের একদফা আন্দোলনে নামবে তারা। আমরা বলেছি, আর যা-ই হোক বিএনপিকে দিয়ে আন্দোলন হবে না। আমাদের কথাই সত্য প্রমাণিত হয়েছে। তারা নামমাত্র কিছু কর্মসূচি দিয়েছে।’
ঢাকায় ৩০ আগস্টের জনসভার মাধ্যমে নির্বাচনী যুদ্ধের সূচনা করা হবে বলে মন্তব্য করেন কামরুল।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইফুজ্জামান শেখর, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।