খালেদা জিয়ার বাঁ চোখে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাঁ চোখে গত বুধবার অস্ত্রোপচার হয়েছে। এ সপ্তাহের যেকোনো দিন তাঁর ডান চোখে অস্ত্রোপচার করা হতে পারে। দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
বিএনপির সূত্রে জানা গেছে, চিকিৎসা শেষে ৮ অক্টোবর খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
গত রোববার নিউইয়র্ক থেকে লন্ডনে এসে পৌঁছান সাদেক হোসেন খোকা। তিনি সোমবার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কিংস্টনের বাসায় খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা দেশের চলমান পরিস্থিতি ছাড়াও বিএনপির পুনর্গঠন নিয়ে কথা বলেন।
জানতে চাইলে সাদেক হোসেন খোকা বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন ও দলের সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বার্ধক্য ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দলের অনেক প্রবীণ নেতা সক্রিয় থাকতে পারছেন না। দলকে আরও শক্তিশালী করতে নবীন ও প্রবীণদের সমন্বয়ে পুনর্গঠনের বিষয়ে তাঁরা কথা বলেছেন।
খালেদা জিয়া ১৬ সেপ্টেম্বর লন্ডনে যান। তিনি লন্ডনের কিংসটনে ছেলে তারেক রহমানের বাসায় আছেন।