খালেদা জিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জাসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ৫ ও ৬ মে গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের চক্রান্তে নেতৃত্ব দিয়েছেন বলে মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এ জন্য তারা খালেদা জিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

গত ১৮ মে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাসদের জাতীয় কমিটির সভায় এ দাবি জানানো হয় বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় বলা হয়, অতীতে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের মতের ব্যবধান থাকলেও বর্তমানে তাদের মধ্যে আদর্শগত ঐক্য হয়েছে। তাই তারা যৌথভাবে মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের সমর্থকদের নাস্তিক আখ্যা দিয়ে যাচ্ছে। একই সঙ্গে তারা মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতে দেশব্যাপী নাশকতা চালাচ্ছে। ৫ মে তারা নজিরবিহীন সন্ত্রাস করে ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানে হামলা এবং দোকানপাটে অগ্নিসংযোগ করেছে। বিরোধীদলীয় নেত্রী উসকানি দিয়ে সেনাবাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টিরও চেষ্টা করেছেন। সভায় জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়। জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক প্রস্তাব উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া।