
হরতাল-অবরোধের মধ্যে নাশকতার ঘটনায় করা আরও চারটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এর মধ্যে পুলিশ তিনটি মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে। একটি মামলায় তিনি জামিনে আছেন।
গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দারুস সালাম থানার পুলিশ এসব অভিযোগপত্র দেয়। এতে মোট ৩৩ জনকে আসামি করা হয়েছে।
গত বছরের শুরুতে টানা হরতাল-অবরোধের মধ্যে নাশকতার ঘটনায় এ নিয়ে গত দুই মাসে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ১০টি মামলায় অভিযোগপত্র দেওয়া হলো। এ ছাড়া গত বছরের ৬ ও ১৯ মে যাত্রাবাড়ী থানার দুটি মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
জানতে চাইলে আদালতে পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত কমিশনার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে গতকাল চারটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দারুস সালাম থানার পুলিশ। প্রতিটি মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। তিনটি মামলায় তাঁকেসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। একটি মামলায় তিনি জামিনে আছেন। একই ব্যক্তি একাধিক মামলার আসামি হওয়ায় চারটি মামলায় মোট আসামি সংখ্যা ৩৩।
আদালত সূত্র জানায়, গত বছরের ২৯ জানুয়ারিতে দারুস সালাম থানা এলাকায় মুক্তি প্লাজার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় করা মামলায় দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মো. যোবায়ের অভিযোগপত্র দেন। এতে খালেদা জিয়াসহ মোট ২৭ জনকে আসামি করা হয়েছে।
২ ফেব্রুয়ারি একই থানার এলাকায় অ্যাপেক্স শোরুমের সামনে এবং ২০ ফেব্রুয়ারি দিয়াবাড়ী নতুন রাস্তার পাশে বালুর মাঠে ও মাজার রোডে আলাদা তিনটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় করা আলাদা তিনটি মামলায় অভিযোগপত্র দেন এসআই মোহাম্মদ রায়হানুজ্জামান। এতে খালেদা জিয়াসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।
সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, চারটি মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন বিএনপির নেতা আমান উল্লাহ আমান, সৈয়দা আশিফা আশরাফী, সুলতান সালাউদ্দিন, মারুফ কামাল খান, মীর সরাফত আলী, হাবিব-উন-নবী খান, কফিল উদ্দিন, সরোয়ার আলম ও মাসুম হাসান।
আদালতে দেওয়া অভিযোগপত্রে বলা হয়, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ কর্মসূচিতে মামলার আসামিদের হুকুমে ও ইন্ধনে যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। আসামিরা হত্যা ও নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়ে সরকারের ক্ষতি সাধন করেন। এতে হুকুম ও ইন্ধনের বিষয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়ায় তাঁকে আসামি করা হয়েছে।
খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ৬টি; হত্যা, বিস্ফোরক ও নাশকতার অভিযোগে ১০টিসহ মানহানি, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, রাষ্ট্রদ্রোহের অভিযোগ মিলিয়ে মোট ২১টি মামলা বিচারাধীন। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। নাইকো ও গ্যাটকো দুর্নীতির মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় বিচার শুরু হয়েছে।
এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যেই খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। সরকারের ব্যর্থতাকে আড়াল করতে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগপত্র দেওয়া হচ্ছে।