খালেদা জিয়ার বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করা হয়েছে। এ মামলাটি করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-এর সংগঠন মুরাদনগর উপজেলা কমিটির সভাপতি শরিফুল আলম চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মন্তব্য করায় গতকাল মঙ্গলবার দুপুরে ৮ নম্বর আমলি আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা করা হয়। আদালতের বিচারক ফাহাদ বিন আমিন চৌধুরী মামলাটি তদন্ত করে আগামী ২ জুনের মধ্যে প্রতিবেদন দিতে কুমিল্লা জেলার তথ্য কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী এস টি আহমেদ ফয়সাল প্রথম আলোকে বলেন, গত রোববার মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ করেন খালেদা জিয়া। এ অভিযোগে বাদী অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন এবং তাঁর মানহানি হয়েছে। এ অভিযোগেই মামলাটি করা হয়েছে।
বাদী শরিফুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর ছেলে জয় একজন আইসিটি বিশেষজ্ঞ। তাঁকে নিয়ে খালেদা জিয়ার বক্তব্য অগ্রহণযোগ্য। তাই মামলা করেছি।’
মামলা প্রসঙ্গে কুমিল্লা জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর বলেন, ‘এখনো মামলার কপি হাতে পাইনি। হাতে পাওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করব।’