খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ আবার পিছিয়েছে। গতকাল বুধবার খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়।
বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে গতকাল এ দুটি মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য ছিল। গতকাল এজলাসে হাজির হননি খালেদা জিয়া। তাঁর পক্ষে আইনজীবীরা সময়ের আবেদন করে আদালতকে বলেন, এই আদালতের বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। ওই আবেদনের ওপর শুনানি চলছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সময় প্রয়োজন।
এই আবেদনের বিরোধিতা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন বলেন, আসামিপক্ষ একই বিষয়ে ইতিপূর্বে একাধিকবার সময় নিয়েছেন। সাক্ষী হাজির আছেন। সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে উচ্চ আদালত কোনো স্থগিতাদেশ দেননি। তাই সাক্ষ্য গ্রহণ করার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।
শুনানি শেষে আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায়় মামলা করে দুদক। ২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়় দুদক। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক।