খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলা চলবে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে। এ মামলা চলতে কোনো বাধা নেই বলে গতকাল বৃহস্পতিবার রায় দিয়েছেন হাইকোর্ট। প্রায় সাত বছর ধরে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে আছে।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। নাইকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদন ও এ-সংক্রান্ত রুল খারিজ করে আদালত রায়ে বলেন, বিচারিক আদালতে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ তুলে নেওয়া হলো। রায়ের অনুলিপি পাওয়ার দুই মাসের মধ্যে বিচারিক আদালতে খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হবে। তবে জামিন অপব্যবহার না করার শর্তে খালেদা জিয়ার জামিন বিবেচনা করবেন আদালত।
খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলাসহ দুর্নীতির পাঁচটি মামলা রয়েছে। এক-এগারোর পরের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলাগুলো করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলা দুটিতে বিচার চলছে। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ এ দুই মামলায় খালেদা জিয়া হাজিরা দেন। আর গ্যাটকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলার কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। গ্যাটকো মামলার বিষয়ে হাইকোর্টে রায় অপেক্ষমাণ রয়েছে। বড়পুকুরিয়া কয়লাখনি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন হাইকোর্টে বিচারাধীন।
নাইকো মামলা নিয়ে হাইকোর্টের রায়ের পর খালেদা জিয়ার আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, এ রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করবেন। তিনি বলেন, একই অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাতিল করা হলো, কিন্তু খালেদা জিয়ার মামলা বাতিল হলো না। হাইকোর্ট শেখ হাসিনার মামলা বাতিল করার পর দুদক আপিল করেনি। এর মাধ্যমেই দুদকের উদ্দেশ্য বোঝা যায়।
তবে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার মামলা দুটির মধ্যে বিস্তর ফারাক আছে, সেটা আমরা আদালতকে দেখিয়েছি। খালেদা জিয়ার মামলায় অপরাধের প্রাথমিক উপাদান আছে। মামলার এক আসামি সেলিম ভূঁইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘুষ লেনদেনের তথ্য উঠে এসেছে। এ ছাড়া ফৌজদারি মামলায় রিট আবেদন চলে না, ফৌজদারি আবেদন করতে হয়। এসব বিবেচনায় আদালত খালেদা জিয়ার আবেদন খারিজ করেছেন।’
শেখ হাসিনার মামলা হাইকোর্ট বাতিল করলে কেন আপিল করা হলো না—এমন প্রশ্নের জবাবে খুরশীদ আলম খান বলেন, ‘আমরা আপিল করার মতামত দিয়ে দুদককে চিঠি দিয়েছিলাম। দুদক কোনো সিদ্ধান্ত দেয়নি, তাই আপিল করা হয়নি।’
২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এতে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।
পরে নাইকো মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ও নিম্ন আদালতে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই বিচারিক আদালতে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল দেন হাইকোর্ট। ওই সময় থেকে মামলাটির কার্যক্রম স্থগিত রয়েছে।
চলতি বছরের শুরুতে মামলাটির কার্যক্রম আবার চালু করার উদ্যোগ নেয় দুদক। গত ১৯ এপ্রিল রুল শুনানি শুরু হয়, ২৮ মে শেষ হয়। গতকাল রায় ঘোষণার সময় আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, বদরুদ্দোজা বাদল, রাগীব রউফ চৌধুরী ও এ কে এম এহসানুর রহমান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
এক মামলায় জেরা, অন্যটি মুলতবি: আদালত প্রতিবেদক জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গতকাল বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশিদকে আংশিক জেরা করেন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ২৩ জুলাই পরবর্তী দিন ধার্য করেন। বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও হারুন অর রশিদকে জেরার দিন ধার্য ছিল। তবে হাইকোর্টে ওই সাক্ষীর সাক্ষ্য বাতিল ও নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য করা আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্য কার্যক্রম মুলতবির আবেদন জানান খন্দকার মাহবুব। এর পরিপ্রেক্ষিতে বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার ২৩ জুলাই পর্যন্ত সাক্ষ্য কার্যক্রম মুলতবি করেন।
গতকাল এ দুই মামলায় হাজিরা দিতে সকাল ১০টা ৩৫ মিনিটে খালেদা জিয়া আদালতে যান।