খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আজ বুধবার বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আজ বুধবার বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া মানুষ খুনের দায় এড়াতে পারবেন না। এত মানুষের হাহাকার, যন্ত্রণা আর কষ্ট বিনা বিচারে যেতে পারে না। পুড়িয়ে মানুষ হত্যার দায়ে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শামীম ওসমানের এ–সম্পর্কিত সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আইন তার আপন গতিতেই চলবে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার, আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে। এত বড় অন্যায় বরদাশত করা যায় না।’
শামীম ওসমান তাঁর প্রশ্নে জানতে চান, বিশেষ আদালত করে খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না?
জবাবে শেখ হাসিনা বলেন, ‘অবৈধ ক্ষমতা দখলকারীদের হাতে বিএনপির জন্ম। আদালত জিয়াউর রহমানের ক্ষমতাকে অবৈধ ঘোষণা করেছে। সে অনুযায়ী বিএনপি দল হিসেবে থাকে না। কিন্তু নির্বাচন কমিশনের নিবন্ধিত দল হিসেবে তারা এখনো রাজনীতি করছে। নির্বাচনের আগে বাস, ট্রাক, ট্রেনে আগুন দিয়েছিল। এখন এসবের পাশাপাশি মানুষ পুড়িয়ে মারছে। হরতাল দিচ্ছে। হরতাল কোথায় হচ্ছে? রাস্তায় যানজট। তবুও মানুষ আতঙ্কে। কারণ, তিনি মানুষ পুড়িয়ে মারছেন। তিনি এখন মানুষ মারার মোহে মোহিত, বিভোর। হুকুমের পর হুকুম দিয়ে যাচ্ছেন। একের পর এক বীভৎস ঘটনা ঘটাচ্ছেন। দিনের পর দিন ওনার কার্যকলাপ যে পর্যায়ে গিয়েছে, তাতে সাধারণ মানুষ বিএনপির নাম আর মুখে নেবে না। বিএনপির নামে থুতু ছিটাবে।’
রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া তাঁর জামায়াত বাহিনী নিয়ে দেশকে অশান্ত করে তুলছেন। তিনি চান না দেশ উন্নত হোক। সে জন্য বসে বসে নির্দেশ দিচ্ছেন। ঢাকা শহরে এ পর্যন্ত ২০১ জন পেট্রলবোমা নিক্ষেপকারীকে হাতেনাতে ধরা হয়েছে। ঢাকার বাইরেও ধরা পড়েছে। কেউ নোটিশ দিলে এর তালিকা সংসদে উপস্থাপন করা হবে। এদের বিচারকাজ ও বিচারের রায় যাতে দ্রুত শেষ হয়, সে ব্যবস্থা নেওয়া হবে। মামলা হয়েছে, মামলা আপন গতিতে চলবে। এর বিচার হবেই। বিচার না হলে দেশ ধ্বংসের দিকে যাবে।’
পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘হিযবুত তাহরীরকে অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছে। যে কারণে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত তেমন কিছু করতে পারেনি। এখন খালেদা জিয়ার কর্মকাণ্ডে হিযবুত তাহরীরের তৎপরতা বেড়েছে। খালেদা-হিযবুত তাহরীর একই সূত্রে গাঁথা। ১১ ফেব্রুয়ারি ডেইলি স্টার-এ তৃতীয় পৃষ্ঠায় হিযবুত তাহরীরের একটি পোস্টার বিশাল করে ছাপানো হয়েছে। পোস্টারটি বাংলা মটরের এক কোনায় সাঁটানো ছিল, যা কেউ পড়তই না। পজিটিভ অথবা নেগেটিভ, যেভাবে লিখুক না কেন, এটা বিশাল আকারে ছাপানো হিযবুত তাহরীরকে মদদ দেওয়ার শামিল। যে সংগঠন নিষিদ্ধ, সেই সংগঠনের একটি পোস্টার পত্রিকায় ছাপানোর মানে হলো ওই সংগঠনকে সহযোগিতা করা।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের ক্ষতি হতে পারে এমন কোনো জিনিস পত্রিকায় ছাপানো উচিত না। কেন এটা করা হচ্ছে, আমার কাছে বোধগম্য নয়। আমরা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এই হিযবুত তাহরীরের পোস্টার ছাপিয়ে যারা তাদের মদদ দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গোলাম দস্তগীর গাজীর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচার করার জন্য যথেষ্ট আইন আছে। মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সে ব্যবস্থা নেওয়া হবে। যারা মানুষ খুনের মতো জঘন্য কাজ করে, তাদের শাস্তি হবেই।
গোলাম দস্তগীর গাজীর নির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় দেশের রপ্তানি আয় বেড়েছে। কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন বিদেশি অনেক ক্রেতা তাঁদের কার্যাদেশ বাতিল করেছেন। অনেকে তাঁদের কার্যাদেশ অন্য দেশে স্থানান্তর করেছেন। হারতাল-অবরোধে এখন পর্যন্ত ব্যবসা–বাণিজ্যে ক্ষতির পরিমাণ ৭৫ হাজার কোটি টাকা। তা না হলে রপ্তানি আয় আরও বাড়ত।
প্রশ্নোত্তরের আগে বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।