খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের ডাকে হরতাল-অবরোধ চলাকালে সহিংস হামলায় ৪২ জনের মৃত্যুর ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা মামলায় গতকাল মঙ্গলবারও প্রতিবেদন দেয়নি রাজধানীর গুলশান থানার পুলিশ। আদালত আগামী বছরের ৩ জানুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন এ দিন ধার্য করেন।
আদালত সূত্র বলেছেন, এর আগে গুলশান থানার পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পাঁচ দফায় সময় দেওয়া হয়। এ মামলার ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল গতকাল। তবে মামলার নথিতে দেখা যায়, প্রতিবেদন দাখিলের জন্য আবেদন করেনি থানা-পুলিশ।
খালেদা জিয়া ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী আদালতে নালিশি এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয়ে ২০১৫ সালের ৫ জানুয়ারি বিকেলে সারা দেশে অবরোধ পালনের ঘোষণা দেন এবং এরপর দফায় দফায় হরতাল আহ্বান করেন। এই কর্মসূচি ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জন নিহত হন এবং সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। আদালত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।