খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার শুনানি পেছাল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ গতকাল বুধবার হয়নি৷ আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় আগামী ১৯ জুন মামলার পরবর্তী তারিখ ধার্য করেন৷
গতকাল এ দুই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল৷ মহানগর দায়রা জজ আদালত ভবনের এজলাসের পরিবর্তে গতকাল বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী এজলাসে এ মামলার বিচারকাজ শুরু হয়৷
গতকাল সময়ের আবেদন করে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে৷ ওই আবেদনের ওপর শুনানি শেষ, ২৫ মে আদেশের জন্য দিন ধার্য রয়েছে৷ এ কারণে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম মুলতবি রাখা প্রয়োজন৷ দুদকের আইনজীবীরা এর বিরোধিতা করেন৷
শুনানি শেষে আদালত আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন৷