খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য ১৫ জানুয়ারি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে। আদালত ১৫ জানুয়ারি মামলার বাদীর বাকি সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করেছেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার আজ বুধবার এ তারিখ ধার্য করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ আজ খালেদা জিয়ার হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তিনি আদালতে হাজির হননি। তাঁর অনুপস্থিতিতে সাক্ষ্য নেওয়া শুরু হয়।
খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ
আজ সকাল সাড়ে ১০টায় এজলাসে ওঠেন বিচারক। খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীরা পৃথক দুটি আবেদন করেন। একটি আবেদন করা হয় খালেদা জিয়া আদালতে হাজির হতে পারবেন না মর্মে। অন্যটি সাক্ষ্য কার্যক্রম মুলতবি চেয়ে সময়ের আবেদন।
বিএনপির চেয়ারপারসনের আইনজীবীরা জানান, খালেদা জিয়া তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ। তা ছাড়া তিনি অসুস্থ। এ কারণে তিনি আজ আদালতে আসতে পারছেন না।
বিএনপির চেয়ারপারসনের অনুপস্থিতির ব্যাপারে করা আবেদনটি মঞ্জুর করেন আদালত। তবে মামলার সাক্ষ্য নেওয়া পেছাতে করা আবেদন নামঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের আদেশ দেন আদালত।
সাক্ষ্য গ্রহণ মুলতবির জন্য খালেদা জিয়ার পক্ষে আদালতে আবার আবেদন জানানো হয়। এ আবেদনও নামঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের আদেশ দেন আদালত। পরে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ পর্যায়ে মামলার বাদী হারুন অর রশিদ সাক্ষ্য দেন। এতে আসামিপক্ষের আইনজীবীরা আপত্তি তোলেন। তাঁরা আদালতকে বলেন, এজাহার দেখে বাদী আদালতে সাক্ষ্য দিতে পারেন না। এই আদালতের আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন।
সাক্ষ্য কার্যক্রম মুলতবি রাখার জন্য খালেদা জিয়ার আইনজীবীরা আরেকটি আবেদন করেন। আদালত আংশিক সাক্ষ্য গ্রহণ শেষে পরবর্তী তারিখ ধার্য করেন।