খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে বিভিন্ন ধরনের বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উসকানিদাতা হিসেবে অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, শাহজাহানপুরে পাইপে পড়ে শিশুর মৃত্যুর জন্য যদি ঠিকাদারের বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে, তাহলে সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন মারা যাওয়ার ঘটনায় উসকানিদাতা হিসেবে খালেদা জিয়াও হত্যা মামলার সম্মুখীন হবেন। তিনি ওই মামলার জন্য প্রস্তুতি নিতে খালেদা জিয়াকে পরামর্শ দেন।
খালেদা জিয়া গ্রেপ্তার হবেন কি না—একজন সাংবাদিকের এ প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, গ্রেপ্তারও হতে পারেন। হত্যা মামলা করার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। অটোরিকশায় ওই তিনজন কবে দগ্ধ হয়েছেন, তা উল্লেখ করেননি মন্ত্রী।
খালেদা জিয়াকে কার্যালয়ে অবরুদ্ধ করা সম্পর্কে হাসানুল হক বলেন, ‘ওনাকে (খালেদা জিয়া) উসকানি থেকে বিরত করেছি, কোনো উসকানির ছাড় দেওয়া হবে না।’ তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়া রক্ষার জন্য সরকার আরও কঠোর হবে এবং একচুলও ছাড় দেওয়া হবে না।
বিএনপির সঙ্গে আলোচনা হবে কি না—এ প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে আলোচনার প্রয়োজন দেখি না। আগে খালেদা জিয়াকে তাঁর অবস্থান পরিবর্তন করতে হবে।’ তিনি বলেন, জঙ্গিবাদকে হালাল করা এবং সাংবিধানিক প্রক্রিয়াকে বিপদগ্রস্ত করার ভুল রাজনীতি খালেদা জিয়া আবারও দেশ ও জনগণের ওপর চাপাতে চান, দেশ ও জনগণকে বলি দিতে চান। এই অশান্তির রাজনীতিকে সরকার প্রশ্রয় দেবে না, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
মন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন তুলনামূলকভাবে কম প্রতিদ্বন্দ্বিতামূলক, ভোটারদের কম অংশগ্রহণ হয়েছে—এটা সত্য। কিন্তু এর জন্য সরকার, নির্বাচন কমিশন, ১৪ দল বা মহাজোট দায়ী নয়; বিএনপি-জামায়াত-হেফাজত জোটের নির্বাচন বর্জন ও নির্বাচন বানচাল করার সশস্ত্র জঙ্গি তাণ্ডব দায়ী।