বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার রেডফোনটি সচল আছে। গতকাল সোমবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধীদলীয় নেতার বাসভবন থেকে গত ২৬ অক্টোবর পর্যন্ত ওই ফোনের বিষয়ে কখনো অভিযোগ করা হয়নি। তবে ২৬ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর বিটিসিএলের কর্মকর্তারা রেড এক্সচেঞ্জে হাজির হয়। তাঁরা সেদিন এক্সচেঞ্জে নম্বরটি সচল পান। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বিরোধীদলীয় নেতার বাসভবনসংলগ্ন এলাকা পর্যন্ত ফোনটি সচল পান। কিন্তু তাঁর বাসভবনে প্রবেশের অনুমতি না পাওয়ায় কর্মকর্তারা চূড়ান্তভাবে পরীক্ষা করতে পারেননি।
বিটিসিএল জানায়, ২৬ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিরোধীদলীয় নেতার বাসভবনে প্রবেশের অনুমতি পাওয়া যায়নি। গতকাল সোমবার বেলা দুইটায় সেখানে প্রবেশের অনুমতি পাওয়া যায় এবং রেডফোনটি সচল করা হয়। টেলিফোনটি এখন সচল। বিজ্ঞপ্তি।