বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন সফরে এলে তা সুখকর হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় খালেদা জিয়ার সম্ভাব্য লন্ডন সফরের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার উসকানি ও মদদে আন্দোলনের নামে বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। পেট্রলবোমার আগুনে আহত অনেকে এখনো ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন। আর বেগম খালেদা জিয়া নিজে চিকিৎসা নিতে লন্ডনে আসছেন। যেখানেই খালেদা যাবেন, সেখানেই তাঁকে প্রতিহত করা হবে।
গত জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে এলে যুক্তরাজ্য বিএনপির ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন। এবার খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগ আগেভাগেই প্রতিবাদের ঘোষণা দিল।