খালেদা জিয়ার লিভ টু আপিলের ওপর শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে এবং বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি গ্রহণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে এ শুনানি হয়।
খালেদা জিয়ার আইনজীবী মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ওই দুই মামলার বিষয়ে করা লিভ টু আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। রোববার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এ দুটি মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। গত বুধবার খালেদা জিয়ার উপস্থিতিতে তাঁর পক্ষে করা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদালত সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর ধার্য করেন।
এ দুই মামলায় গত ১৯ মার্চ বিশেষ জজ আদালত-৩ অভিযোগ গঠন করেন। এ দুটি মামলায় বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১২ মে দুটি রিট করেন খালেদা জিয়া। ২৫ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ বিষয়ে বিভক্ত আদেশ দেন। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি একক বেঞ্চে পাঠানো হয়। ১৯ জুন ওই বেঞ্চ রিট দুটি খারিজ করেন। এ খারিজ আদেশ স্থগিত চেয়ে দুটি আবেদন (সিএমপি) করেন খালেদা জিয়া। পরে লিভ টু আপিল করা হয়।