খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি গ্রহণ শুরু হয়েছে।
গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচজন বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। শুনানিতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন হাইকোর্টের রায় উপস্থাপন করেন। প্রায় এক ঘণ্টা শুনানি চলে। আদালত আজ মঙ্গলবার শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনকে আসামি করে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এরপর মামলাটি বাতিল চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদন ২০১১ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট খারিজ করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে ২০১২ সালে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। এই লিভ টু আপিলের ওপর গতকাল আপিল বিভাগে শুনানি শুরু হয়।
এটি ছাড়া খালেদা জিয়ার করা আরও দুটি লিভ টু আপিল শুনানির অপেক্ষায় আছে। এর একটি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়, অপরটি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা নিয়ে। এর আগে মামলা দুটিতে অভিযোগ গঠনের বিরুদ্ধে রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে বাকি দুটি লিভ টু আপিল করা হয়। এই দুটিও গতকাল আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। তবে শেষ পর্যন্ত এ দুটির শুনানি হয়নি।