খালেদা জিয়ার সঙ্গে তিন বিশিষ্ট নাগরিকের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন হবে না। কাজেই দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার কোনো মানে নেই।
গতকাল মঙ্গলবার রাতে বিরোধীদলীয় নেতার সঙ্গে দেশের তিন বিশিষ্ট নাগরিক তাঁর গুলশানের বাসায় গিয়ে সাক্ষাতের পর তাঁরা সাংবাদিকদের কাছে এ কথা বলেন। এ সময় তাঁরা নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনের লক্ষ্যে দ্রুত সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিশিষ্ট নাগরিকেরা হলেন কবি আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ।
খালেদা জিয়ার বাসভবনে গিয়ে দেখা করার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে যেতে পারেননি ভাষাসৈনিক আবদুল মতিন। তবে তিনি খালেদা জিয়ার কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
বৈঠকের একটি সূত্র জানায়, বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় সরকার গঠনই বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের প্রধান উপায়। আর শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না।