খালেদা জিয়ার সঙ্গে নতুন জাপার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান কাজী জাফর আহমদ ১৬ সদস্যের প্রতিনিধিদল নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।
বিএনপির গুলশানের কার্যালয়ে বৈঠক শেষে কাজী জাফর সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের আয়ু শেষ হয়ে এসেছে, পতন আসন্ন। তিনি বলেন, ‘আমরা খালেদা জিয়াকে জানিয়েছি, যত শক্তি আছে, তা নিয়ে আমরা আন্দোলনে পাশে থাকব।’
কাজী জাফর আহমদ বলেন, ‘আশা করি, বৃদ্ধ বয়সে এরশাদ জাতির সামনে যে কথা বলেছেন, তা রাখবেন। আর কোনো খেলা খেলবেন না।’
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বৈঠকে জাপার একজন নেতা খালেদা জিয়ার কাছে জানতে চান, এরশাদ ১৮-দলীয় জোটে আসতে চাইলে তিনি কী করবেন। তখন খালেদা জিয়া পাল্টা প্রশ্ন ছোড়েন, এরশাদ ফিরতে চাইলে নতুন জাপা কী করবে। এরপর খালেদা জিয়া বলেন, কাজী জাফরের ওপর তাঁর আস্থা-বিশ্বাস আছে। তবে অনেক কিছুর পর এরশাদ এখন যা করেছেন, তা ভালোই করেছেন। এটার ওপর টিকে থাকলে তিনি ভাবমূর্তি যা হারিয়েছেন, কিছুটা হলেও ফেরত পাবেন।
বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, আবদুল মঈন খান ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থ। কাজী জাফরের সঙ্গে ছিলেন দলের মহাসচিব গোলাম মসিহ, জ্যেষ্ঠ নেতা টি আই এম ফজলে রাব্বী, সাংসদ নওয়াব আলী খান, সাংসদ গোলাম রেজা প্রমুখ।