খালেদা জিয়ার সমাবেশ ঘিরে ইলিয়াসের সন্ধান দাবি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সমাবেশ ঘিরে বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবির প্রচারণাও জোরেশোরে চলছে।
আগামী ৫ অক্টোবর খালেদা জিয়ার সমাবেশ হবে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। ওই মাঠের পাশের চৌহাট্টা মোড় থেকে রিকাবিবাজার কাজী নজরুল সরণি পর্যন্ত বিএনপির রকমারি প্রচারণার বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন সাঁটানো হয়েছে। এসবে ‘ইলিয়াস আলীকে ফিরিয়ে দাও’ দাবি থাকলেও গতকাল শনিবার কাজী নজরুল সরণি মোড়ে ইলিয়াসের মেয়ের ছবিসংবলিত বিলবোর্ড ‘আব্বুকে ফিরিয়ে দাও...’ টানানো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিরাট এ বিলবোর্ড টানানো হয়েছে ওই এলাকায় একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনী বিলবোর্ড ঢেকে। ইলিয়াস ও মেয়ে সাইয়ারা নাওয়ালের ছবিসংবলিত বিলবোর্ডে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সাংসদ কলিমউদ্দিন আহমদের নাম রয়েছে। তাঁর নামে এ বিলবোর্ড সাঁটানো হয়েছে।
কলিমউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সিলেটে বিএনপির রাজনীতির ইতিহাসে গত দেড় বছরে সর্বাধিক উচ্চারিত দাবি—ইলিয়াসকে ফিরিয়ে দাও। এ দাবির পেছনে একটি পরিবার, সন্তান ও জনসাধারণের আবেগের প্রকাশ প্রবলভাবে ঘটাতেই আমরা দাবিটি বড় করে প্রকাশ করেছি।’ এম ইলিয়াস আলী গত বছরের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হন। সে সময় সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে গঠিত হয় ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’। সংগ্রাম পরিষদের নগর কমিটির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘ইলিয়াসকে ফিরিয়ে দাও, পরিবারের নানা রকম আহ্বানসংবলিত ১০ হাজার ফেস্টুন, পাঁচ হাজার ব্যানার, এক হাজার বিলবোর্ড নগরে টানানো হবে। এর মধ্যে সমাবেশস্থলের জন্য রয়েছে তিন শতাধিক ব্যানারসহ দুই হাজার ফেস্টুন।’ ২০১১ সালের ১০ অক্টোবর আলিয়া মাদ্রাসা মাঠে সর্বশেষ খালেদা জিয়ার উপস্থিতিতে সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে সভাপতিত্ব করেছিলেন এম ইলিয়াস আলী। সমাবেশ দেওয়া তাঁর বক্তৃতা নিয়েও ঝড় উঠেছিল।
সমাবেশ আয়োজনে ক্ষমতাসীনদের রাজনৈতিক হয়রানির একাধিক অভিযোগ তুলে ধরে ইলিয়াস বলেছিলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ নেতাদের ডান্ডাবেড়ি পরানো হবে।’ এবারের সমাবেশে ইলিয়াস আলীর সেই আহ্বানেরই প্রতিফলন ঘটবে জানিয়ে ইলিয়াসের একান্ত সহকারীর দায়িত্ব পালনকারী জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ময়নুল হক বলেন, ‘লিডারের (ইলিয়াস) ওই উক্তি সাধারণ কর্মী-সমর্থকদের অন্যরকমভাবে উজ্জীবিত করেছিল। এবার লিডার নেই, কিন্তু প্রচারণা আর সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে তাঁর সরব উপস্থিতি রয়েছে।’
সিলেটে ইলিয়াসের নেতৃত্বাধীন গঠিত জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন প্রথম আলোকে বলেন, ‘যত দিন যাচ্ছে, ততই ইলিয়াস ইস্যু জোরালো হচ্ছে। এ জন্যই আমরা জেলা কমিটি সিদ্ধান্ত নিয়ে রেখেছি, সাংগঠনিক সব কর্মসূচিতেই ‘ইলিয়াস আলীকে ফিরিয়ে দাও...’ দাবি অনিবার্যভাবে থাকবে। প্রায় এক বছর ধরে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় বিষয়টি গণদাবিতে রূপ নিয়েছে।’