প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার অভিযোগে করা তিনটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৫ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে এ তিন মামলায় পলাতক মোট ৭১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা এ অভিযোগপত্র আমলে নেন।
আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, মামলা তিনটি আমলে নিয়ে আদালত পলাতক ৭১ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ১৮ অক্টোবর পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। তিনটি মামলাতেই খালেদা জিয়া জামিনে আছেন।
গত বছরের জানুয়ারি ও মার্চে দারুসসালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে এ তিনটি মামলা করে পুলিশ।