খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ৩০ মার্চ
গাড়িতে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের জন্য ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা গতকাল রোববার এই দিন ধার্য করেন।
গত বছরের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত শেষে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। তাতে খালেদা জিয়াসহ ৩১ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করে পুলিশ।
অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, চেয়ারপাসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ও শওকত মাহমুদ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান প্রমুখ।
২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ছোড়া পেট্রলবোমার আগুনে ২৯ যাত্রী দগ্ধ হন। ওই ঘটনায় ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে পুলিশ। অগ্নিদগ্ধ যাত্রীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১ ফেব্রুয়ারি মারা যান নূর আলম (৬০) নামে এক যাত্রী। পরে এই মামলায় অন্যদেরও আসামি করা হয়।