খালেদা জিয়া অরাজকতা সৃষ্টি করতে চান: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়া গত সংসদ অধিবেশনে এক ঘণ্টা ৫৭ মিনিটের বক্তৃতায় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেননি। অথচ এখন তিনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে আন্দোলন করছেন। তত্ত্বাবধায়ক সরকার নয়, মূল কথা খালেদা জিয়া এই ইস্যুতে দেশে অরাজকতা সৃষ্টি করতে চান। কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন নির্বাচন তারই প্রমাণ। অথচ খালেদা জিয়া এই সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না বলে মিথ্যা দাবি তুলছেন। গতকাল শুক্রবার বিকেলে মাগুরা সদর উপজেলার ইছাখাদা পুরাতন বাজারে দুই দিনের লিচুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি আমরা বাতিল করিনি, করেছে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট। তিনি আরও বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমরা সেই ষড়যন্ত্র মোকাবিলা করেই পদ্মা সেতু নির্মাণ করব।’ হাজরাপুর ইউনিয়ন লিচুমেলার প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার ওলিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংসদ এম এস আকবর, বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির প্রমুখ বক্তৃতা করেন।