খালেদা জিয়া অসুস্থ, আদালতে হাজির করা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া। ফাইল ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপনের ধার্য তারিখে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। কারাগার থেকে আসামি হাজির করা-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, খালেদা জিয়া অসুস্থ। তাই তাঁকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। 

৪ জুন খালেদা জিয়াকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষের কাছে পরোয়ানা পাঠানো হয়।
আজ বৃহস্পতিবার এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়াকে হাজির না করায় এ বিষয়ে শুনানি হয়নি।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেন আদালত। ওই দিন থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আজ পর্যন্ত খালেদা জিয়া জামিনে ছিলেন। তাঁর আইনজীবীদের জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান ১০ জুলাই পর্যন্ত জামিন বর্ধিত করেন। ওই দিন খালেদা জিয়াকে হাজির করার আদেশ দেন এবং যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন। পুরান ঢাকার বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠ-সংলগ্ন ভবনে অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ এ মামলায় অভিযোগ গঠন করা হয়।