দুই সপ্তাহের যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া আজ রোববার দেশে ফিরছেন। বিকেল পাঁচটায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। খালেদা জিয়া গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তিনি যুক্তরাজ্য হয়ে ঢাকায় পৌঁছাবেন।বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে বিমানবন্দরে বড় ধরনের সংবর্ধনা দেওয়া হবে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গ রাজ্যের সিনেটে খালেদাকে দেওয়া সংবর্ধনা ও সফর সফল হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন। ১৪ মে খালেদা জিয়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ২১ মে পর্যন্ত তিনি যুক্তরাজ্যে অবস্থান করেন। সেখানে প্রায় তিন বছর পর তাঁর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়। যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি দলীয় কর্মসূচিতে বক্তব্য দেন। এ ছাড়া যুক্তরাজ্য সরকারের মন্ত্রী, সাংসদ, বিরোধীদলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। যুক্তরাজ্য থেকে খালেদা জিয়া ২২ মে যুক্তরাষ্ট্রে পৌঁছান। যুক্তরাষ্ট্রে তিনি দলীয় কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বরার্ট ব্লেকের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া কয়েকজন কংগ্রেসম্যানের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়।