খালেদা জিয়া আজ ধামরাইয়ে আসছেন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ ঢাকার ধামরাইয়ে আসছেন। বিকেলে ধামরাই হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে ছাত্র-গণজমায়েতে তিনি ভাষণ দেবেন।তারেক রহমানের ৪৭তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদল এ গণজমায়েতের আয়োজন করেছে। খালেদা জিয়ার আগমনকে ঘিরে সাভার ও ধামরাইয়ে বিএনপিসহ দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তৎপর হয়ে উঠেছেন। দলের একাধিক সূত্র থেকে জানা গেছে, চেয়ারপারসনের আগমন উপলক্ষে দলের ভেতরের কোন্দলও চাঙা হয়ে উঠেছে। জনসভাকে সফল করতে ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ নিজেদের অনুসারীদের নিয়ে আলাদা আলাদা প্রস্তুতি নিয়েছেন। জনসভায় লোকসমাগম করতে ধামরাইয়ের সাবেক সাংসদ জিয়াউর রহমান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক তমিজ উদ্দিন পৃথকভাবে তৎপরতা চালিয়েছেন। দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই ধামরাই ও সাভার উপজেলা বিএনপির নেতা-কর্মীরা আবদুল মান্নান ও আমান উল্লাহ এ দুই ধারায় বিভক্ত। ধামরাইয়ে জিয়াউর রহমান ও তাঁর অনুসারীরা এবং সাভারে দেওয়ান সালাউদ্দিন ও তাঁর অনুসারীরা আবদুল মান্নানের হয়ে কাজ করছেন। আর আমান উল্লাহর হয়ে কাজ করছেন সাভার পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহ আর ধামরাই উপজেলা বিএনপির আহ্বায়ক তমিজ উদ্দিন।