খালেদা জিয়া আজ বগুড়ায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া আজ শনিবার বগুড়ায় আসছেন। রাতে বগুড়ায় থেকে তিনি রোববার দিনাজপুর যাবেন। বগুড়ায় কোনো কর্মসূচি না থাকলেও খালেদা জিয়াকে সংবর্ধনা দিতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো কয়েক দফায় সভা করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। শহরের মোড়ে মোড়ে, রাস্তার দুই ধারে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তোরণ, ব্যানার ও পোস্টার সাঁটানো হয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম জানান, শনিবার সন্ধ্যায় খালেদা জিয়ার গাড়ির বহর বগুড়া জেলার প্রবেশদ্বার চান্দাইকোনায় পৌঁছালে সেখানে দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। এরপর মোটরসাইকেলের বহরে করে খালেদা জিয়াকে বগুড়া সার্কিট হাউসে আনা হবে। সেখানে তিনি বিএনপি ছাড়াও ১৮ দলীয় জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। চান্দাইকোনা থেকে বগুড়া শহর পর্যন্ত ৩৪ কিলোমিটার মহাসড়কের দুই ধারে বিএনপি নেতা-কর্মী ছাড়াও সমর্থকেরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাবেন। এ জন্য শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।