খালেদা জিয়া আজ হবিগঞ্জে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার হবিগঞ্জে আসছেন। তাঁর এ আগমন ঘিরে অনেক দিন পর উজ্জীবিত জেলা বিএনপির নেতা-কর্মীরা। আজ বিকেল চারটায় শহরের নিউ ফিল্ড এলাকায় এক জনসভায় খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা। দলীয় ও এলাকাবাসী সূত্র জানায়, খালেদা জিয়ার এ সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্মাণ করা হয়েছে কয়েক শতাধিক তোরণ। জেলার সর্বত্র ছেয়ে গেছে পোস্টার ও বিলবোর্ডে। নেত্রীর নজর কাড়তে দলীয় নেতা-কর্মীরা এসব প্রস্তুতি নিয়েছেন। দীর্ঘদিন পর খালেদা জিয়ার হবিগঞ্জের জনসভাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ সব বিরোধ ভুলে সরব হয়ে উঠেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। সর্বশেষ ২০০৮ সালে হবিগঞ্জ পৌরসভা মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন খালেদা জিয়া। এর আগে ২০০৪ সালে প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়া হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে বন্যার্ত লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ২০০১ সালে হবিগঞ্জের লাখাই উপজেলায় নির্বাচনী প্রচারণায় ভাষণ দেন। তিনি ১৯৮৭ সালে প্রথম হবিগঞ্জে আসেন। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান কয়েক দিন ধরে হবিগঞ্জে অবস্থান করছেন। তিনি জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সল ও সাধারণ সম্পাদক পৌর মেয়র জি কে গউছসহ সংগঠনের অন্য নেতাদের সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, জনসভা ও জনমত গড়ে তুলতে প্রচার-প্রচারণা চালান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ জানান, মূলত তত্ত্বাবধায়ক ও নির্দলীয় সরকারব্যবস্থার দাবি নিয়ে এ সমাবেশ হচ্ছে। খালেদা জিয়ার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে এ জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় প্রায় তিন লাখ লোকের সমাগম ঘটবে বলে তিনি আশাবাদী।