খালেদা জিয়া আপাতত হরতালের পক্ষে নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতত হরতাল দেওয়ার পক্ষে নন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে কমিটির সদস্যদের তিনি এ কথা জানান।
বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক গুম-খুন-অপহরণসহ বিভিন্ন বিষয়ের উল্লেখ করে তাঁরা দলের চেয়ারপারসনকে হরতাল দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু চেয়ারপারসন তাঁদের বক্তব্যের সঙ্গে একমত হননি।
ওই সদস্যরা জানান, খালেদা জিয়া তাঁদের বলেছেন, হরতাল দিলে সহিংসতা হয়। এতে দলের বদনাম হবে। তাই এখনই হরতালের মতো কর্মসূচিতে যাওয়ার চিন্তা তিনি করছেন না।
বৈঠকে গুম, খুন, অপহরণ এবং বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মে ডেমরায় সমাবেশ, ১৮ মে জেলা-উপজেলা-থানাতে বিক্ষোভ সমাবেশ, ১৯ মে সব মহানগরে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ মে নারায়ণগঞ্জে যাবেন খালেদা জিয়া। তিনি সেখানে অপহরণের পর নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাবেন।
এ ছাড়া, আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী বিশেষ এজলাসে খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলার বিচারের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের নেতৃত্বে দলীয় আইনজীবীরা এ রিট করবেন।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।