‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আরেকটি যুদ্ধ করে তাঁর ছেলেদের এবং যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চান। যখনই যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়, তখনই তিনি দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। যখন বিরোধীদলীয় নেতা বলেন নিজামী, সাইদী, মুজাহিদীরা যুদ্ধাপরাধী নন, তখন আমরা ঘরে বসে থাকতে পারি না।’গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর ১৪ দলের বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এসব অভিযোগ করেছেন। বঙ্গবন্ধু এভিনিউয়ের নগর আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অপর সদস্য আমির হোসেন আমু বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও তাদের এদেশীয় দোসরেরা অরাজকতা সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র প্রতিহত করব’—মন্তব্য করে আমির হোসেন বলেন, বিএনপিতে কোনো মুক্তিযোদ্ধা থেকে থাকলে তাঁরা ১৪ দলের পতাকাতলে এসে শামিল হোন।’ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ঢাকা মহানগর (পশ্চিম) মো. নুরুনব্বী, সাম্যবাদী দল ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সুনীল শীল, ঢাকা মহানগর ন্যাপ নেতা নাছিমা হক প্রমুখ বক্তব্য দেন।১৪ দলের অন্তর্ভুক্ত যুব সংগ্রাম পরিষদের এক যৌথ সভাও গতকাল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু এভিনিউর যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নেতারা বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে স্বাধীনতাবিরোধী শক্তি চেষ্টা করছে। ২৯ ডিসেম্বর ঢাকা মহানগরকে মিছিলের নগরে পরিণত করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জানানো হয়।বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় যুবলীগের সাধারণ সম্পাদক ও হুইপ মির্জা আজম, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এমপি, যুবমৈত্রীর সভাপতি সাদাকাত হোসেন খান, জাতীয় যুবজোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, যুব ইউনিয়নের সভাপতি কাফি রতন, সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান হোসেনসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।